১৬ডিসেম্বর—মহান বিজয় দিবস। পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত হয়ে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি অমূল্য স্বাধীনতা। পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড এবং আকাশে উড্ডীয়মান লাল-সবুজের পতাকা।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একাডেমি প্রশাসন এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
পরবর্তীতে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষপর্বে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান তাঁর বক্তব্যে বলেন,
“প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করলেই সেটাই হবে আমাদের সর্বোৎকৃষ্ট দেশসেবা।”
তিনি একাডেমির সকল কর্মকর্তা ও কর্মচারীকে ন্যায়নিষ্ঠা ও পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।